প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
স্পেনের বিপক্ষে শেষ আধঘণ্টা দুই ঘণ্টার মতো মনে হচ্ছিল: টুখেল

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল স্পেন। যারা ৪৩ ম্যাচ হারেনি, কয়েক মাস আগে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বরে। এমন একটি দলের বিপক্ষে এক ঘণ্টার মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়া কম কথা নয়! দলের ব্যতিক্রম পারফরম্যান্স দেখে আনন্দের সাগরে ভাসছেন কোচ থমাস টুখেল।
স্প্যানিশ দলের বিপক্ষে নিজের খেলোয়াড়দের সাহস, মান আর লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন ইংল্যান্ডের জার্মান কোচ। ম্যাচের পর তিনি বললেন, ‘চমৎকার পারফরম্যান্স, জয়টা আমাদের প্রাপ্য ছিল। সব দিক থেকে আমরা তুলনামূলকভাবে ভালো দল ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চমৎকার পারফরম্যান্স দেখিয়েছি।’
জার্মান কোচের উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা ছিল পূর্ণাঙ্গ পারফরম্যান্স, আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়েছিলাম। আমরা ছিলাম সাহসী। মনোবল, শক্তি ও ফুটবলীয় গুণমানে সবকিছু ছিল শীর্ষ পর্যায়ে।’
এলিয়ট অ্যান্ডারসনের লাল কার্ড ও স্পেনকে পেনাল্টি দেওয়ার কারণে ক্ষুব্ধ টুখেল। একই সঙ্গে লাল কার্ড ও পেনাল্টি দেওয়া নিয়ে প্রশ্ন তার, ‘লাল কার্ড ও পেনাল্টি সবসময় বড় একটি সিদ্ধান্ত। আমি জানতে চাই কেন জোড়া শাস্তি দেওয়া হলো।’
১০ জনের দল হওয়ার পর শেষ আধঘণ্টা কঠিন ছিল স্বীকার করলেন কোচ। তিনি বলেন, ‘ওই মুহূর্ত থেকে এটা ছিল দীর্ঘ ৩০ মিনিট। কিন্তু আমি সেদিকে তাকাতে চাই না, কারণ প্রথম ৬০ মিনিটে অনেক ইতিবাচক বিষয় ছিল। তবে এই ধরনের দলের বিপক্ষে ওই আধঘণ্টা মনে হচ্ছিল দুই ঘণ্টা, বিশেষ করে যখন ১০ জন নিয়ে খেলতে হচ্ছে। লাল কার্ড না হলে আমরা সহজে জিততে পারতাম।’
গোলকিপার জেমস ট্রাফোর্ডের কথা আলাদা করে উল্লেখ করলেন কোচ। তার গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ স্পেনকে সমতা ফেরাতে দেয়নি। টুখেলের কথা, ‘সে দারুণ দুটি সেভ করল, তার চমৎকার একটি ম্যাচ ছিল।’
এই জয় ইংল্যান্ডের আসল জাত দেখাল মনে করেন টুখেল, ‘আমরা আমাদের সত্যিকারের জাত ও সামর্থ্য দেখালাম। আমরা সবসময় সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য তৈরি।’
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।